ঢাকা: সাঈদীপুত্রের জয়লাভই প্রমান করে নির্বাচন সুষ্ঠূ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আমরা প্রথম দুই ধাপে বিদ্রোহী দমন করতে পারি নাই বলে বিএনপির কিছু প্রার্থী জয়লাভ করেছে। পরের ধাপে আমরা বিদ্রোহী দমন ও জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেয়ায় তারা জয়লাভ করেছে। এই নিয়ে বিএনপি মিথ্যাচারে মেতে উঠেছে।’
উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘পিরোজপুরের জিয়ানগরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছে। আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করলে কি সাঈদীপুত্র জয়লাভ করতে পারতো ? তার জয় লাভে প্রমাণ হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
সাবের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণার ক্রেডিট যদি দিতে হয় তাহলে সেটা জিয়া নয়, তৎকালীন চট্টগ্রামের আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিসের বেয়ারার নুরুল হককে দিতে হবে। কারণ, জিয়াউর রহমান প্রহরী বেষ্টিত হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। আর নুরুল হক উন্মুক্ত মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করে শুনিয়েছেন।’
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারণ চৌধুরী প্রমুখ।