আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার যে জঙ্গি বিমানটিকে তুর্কি সেনারা গত রোববার ভূপাতিত করেছে সেই বিমানটির বেঁচে যাওয়া পাইলট বলেছেন, তিনি আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবেন। তুর্কি সেনারা সিরিয় বিমানটিকে ঘায়েল করলেও পাইলট বিমানটি ধ্বংস হওয়ার আগেই তা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ওই পাইলট বলেছেন, তিনি সিরিয়ার আকাশসীমা ও ভূখণ্ডের মধ্যে থাকা সত্ত্বেও তুরস্কের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান তার বিমানটিকে টার্গেট করে।
তুরস্ক দাবি করছে যে সিরিয় বিমানটিকে সতর্ক করে দেয়া সত্ত্বেও সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সিরিয়া এই পদক্ষেপকে সুস্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে। বিদ্রোহীদের পরাজিত করার জন্য সিরিয়ার সরকারি সেনারা যে অভিযান চালাচ্ছে তুরস্ক তাকে বাধাগ্রস্ত করছে বলেও দামেস্ক অভিযোগ করেছে। তুর্কি সীমান্ত সংলগ্ন কাসাব ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলার সময় সিরিয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি ঘটলো। সূত্র : রেডিও তেহরান