খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অগ্নিদগ্ধ হয়ে এক প্রতিবন্ধী গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেউলা গ্রামে।
সূত্র মতে, উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা কবিরাজপাড়ার দৌলত উদ্দিনের প্রতিবন্ধী মেয়ে ডলি আক্তার (২১) পার্শ্ববর্তী মিজু হাজির বাড়িতে গত ১৪ মার্চ ধান সিদ্ধ করার সময় তার পড়নের কাপড়ে অগুন লেগে সারা শরীর দগ্ধ হয়। এ ঘটনায় পরদিন ডলিকে পরিবারের লোকজন দিমেক হাসপাতালে ভর্তি করালে ৯ দিন পর ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মঙ্গলবার দুপুরে ডলিকে তার বাবার বাড়ীতে দাফন করা হয়।
উল্লেখ্য যে, গত ২০১৩ সালের ৮ আগস্ট পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের প্রতিবন্ধী আনারুল ইসলামের সাথে ডলি আক্তারের দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে অজ্ঞাত কারণে ডলি আক্তার বাবার বাড়িতে অবস্থান করতে থাকে এবং ওই এলাকার বিভিন্ন জনের বাড়িতে কাজ করে তার প্রথম সংসারে জন্ম নেয়া ৯ বছরের একটি কন্যা সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।