হাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ কাজে ব্যবহৃত তিস্তা ব্যারেজে বিশাল অংশে ফাটল দেখা দিয়েছে। নিয়ম নীতি’র তোয়াক্কা না করে ওই ব্যারেজে’র ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোল গ্রহণের বিনিময় ভারী যানবাহন চলাচলের অনুমতি দেয়ার কারনে ব্যারেজের ৪২ নং গেটে এ ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। ওই ব্যারেজ মোট গেট সংখ্যা ৫২ টি বলে জানা গেছে।
তথ্য মতে, ওই ব্যারেজের উপর দিয়ে চলাচলের জন্য সাইকেল, রিক্সা, ভ্যান ৬ টাকা, মটর সাইকেল ২০ টাকা, মাইক্রোবাস ৮০ টাকা, খালি ট্রাক ২০০ টাকা, মালবাহি ট্রাক ও বাস ৫০০ টাকা করে টোল আদায় করা হয়। তবে ২৫ টনের বেশি কোন যানবাহন চলাচল নিষেধ। কিন্তু ব্যারেজে’র টোল ইজারাদার, দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় ২৫ টনের বেশী প্রতি মালবাহি গাড়িতে ১ হাজার টাকা অতিরিক্ত টোল আদায় পূর্বক চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, গত দুই দিন ধরে এ ফাঁটল দেখা দিলেও গতকাল সোমবার তার বিশাল অংশ বেড়ে যায়। পরে বিষয়টি নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন বলে জানা গেছে।
তিস্তা ব্যারেজের টোল ইজারাদার স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন’র চাচাতো ভাই আলমগীর হোসেন রন্টু এ অভিযোগ অস্বীকার করে জানান, ইজারাদারের দায়িত্ব শুধু টোল আদায় করা। এসব দেখাশুনার ভার দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের, ইজারাদারের নয়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, এটা কোন বিষয় নয়। ২০ বছর ধরে এভাবে ফাটল দেখা দিচ্ছে এতে মূল ব্যারেজে’র তেমন কিছুই হবে না।
উল্লেখ যে মঙ্গলবারে আবার সরজমিনে গিয়ে দেখা যায় ফাটল স্থানে বালু,পাথার সিমেন্ট দিয়ে ফাটল স্থানটি পূরন করা হয়েছে।