সিসি নিউজ: কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর দক্ষিণের বিজুপুর এলাকায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনের শেষ বগিতে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর জালালাবাদ এক্সপ্রেস শুক্রবার ১০টার দিকে সদর দক্ষিণের বিজুপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, ট্রেনের একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে গেলে ট্রেন কাত হয়ে যায়।
লাকসাম রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বগি লাইনচ্যুত হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।