লালমনিরহাট: লালমনিরহাটে স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী ও চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।লালমনিরহাটে ৭৩টি পদের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্বাস্থ্য সহকারী ৩৯টি পদের বিপরীতে আবেদন করেন ২০৬৫ জন। আটটি অফিস সহকারী কাম অপারেটর পদের বিপরীতে আবেদন করেন ৮১৬ জন এবং চতুর্থ শ্রেণির বিভিন্ন (আয়া, পিয়ন, নাইট গার্ড) পদে মোট ১১৫৭টি দরখাস্ত পড়ে।এসব লিখিত পরীক্ষায় তিন ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রের হুবহু ফটোকপি পরীক্ষার্থীদের মাঝে বিক্রি করা হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, বিক্রিত প্রশ্ন ও পরীক্ষার প্রশ্নের মিল রয়েছে।এছাড়া অফিস সহকারী কাম অপারেটর পরীক্ষার প্রশ্ন ইংরেজি রোমান অক্ষরের মতো করে ফাঁস করা হয়। যার সাংকেতিক চিহ্ন হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর (ক) হলে # (হ্যাস) চিহ্ন, (খ) উত্তর হলে * (স্টার) চিহ্ন এবং গ উত্তর হলে + (প্লাস) চিহ্ন ব্যবহার করা হয়। এভাবে ৭০টি প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়। পরীক্ষা চলাকালীন হল থেকে প্রশ্ন আউট করে এসএমএস করেও প্রশ্নের উত্তর সরবরাহ করা হয়েছে।এ ব্যাপারে দায়িত্ব হস্তান্তর না করা সিভিল সার্জন (বর্তমানে ওএসডি) ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হতে পারে। তবে কিভাবে হয়েছে তা জানি না। কারণ প্রশ্নপত্র ঢাকা থেকে লালমনিরহাটে সরাসরি ট্রেজারি অফিসে সরবরাহ হয়ে থাকে।