সিসি নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার বাবুলকে মারধর করার পর গলায় জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের স্মরণসভায় যোগ দেয়ার জন্য বেলা ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছান নগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। এরপরই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নাসির হায়দার বাবুল গাড়ি থেকে নামা মাত্রই মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেন।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির অবাঞ্ছিত সভাপতি মামুনুল হককে লবিং করে সভাপতি বানিয়েছিলেন নাসির হায়দার বাবুল। পরের কমিটিতে ফের এমন দুজনকে সাধারণ সম্পাদক বানানোর চেষ্টা করছেন, যারা প্রায় দুই বছর ধরে ক্যাম্পাসেই ঢুকতে পারছেন না। মূলত এই ঘটনায় ক্ষিপ্ত হয়েই বাবুলকে জুতার মালা পরানো হয়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।