সিসি নিউজ: বগুড়ায় অপহরণের ৯ ঘন্টা পর হোসাফ গ্রুপের বিক্রয় কর্মকর্তা আলাউদ্দিনকে শহরের কানছগাড়ী থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। অপহরণের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনই আওয়ামী লীগ নেতা।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় ঢাকা থেকে বগুড়া পিডিবি’র ২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের জন্য কিছু যন্ত্রাংশ নিয়ে বগুড়া শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নামেন হোসাফ গ্রুপের কর্মকর্তা আলাউদ্দিন। তিনি সেখান থেকে রিক্সা যোগে পুরান বগুড়া পাওয়ার প্লান্টে যাওয়ার পথে কানছগাড়ী এলাকায় পৌঁছলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঠনঠনিয়া বটতলায় নিয়ে যায় অপহরণকারীরা। এসময় তারা ৪ লাখ টাকা দাবি করে। টাকার জন্য আলাউদ্দিন ঢাকায় তার অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করেন। অফিস কর্মকর্তারা তার মোবাইলে টাকা চাওয়ায় সন্দেহবশত বগুড়া সদর থানায় বিষয়টি জানায়। এরপর থানার এসআই আব্দুর রাজ্জাক এবং আসলাম মোবাইল ফোনের সুত্র ধরে সাদা পোশাকে দুপুর ২টায় ঠনঠনিয়া বটতলায় গিয়ে মালামালসহ আলাউদ্দিনকে উদ্ধার এবং অপহরণকারী আজিজুল ও নুরুল ইসলামকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, এ ব্যাপারে প্লান্ট ম্যানেজার আমিনুল ইসলাম বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, গ্রেফতারকৃত দুজনই আওয়ামী লীগ নেতা সুজনসহ একাধিক হত্যা মামলার আসামি।