সিসি নিউজ: কেনিয়ায় এখন থেকে পুরুষরা যত খুশি তত বিয়ে করতে পারবে। সংসদে পাস হওয়া এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা। তবে নারীবাদী সংগঠনগুলো এই আইনের কঠোর সমালোচনা করেছে।
প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে বিবাহ সংক্রান্ত নানা আইনের সমন্বয় করে পাস করা নতুন আইনটিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।
গত মাসে সংসদে পুরুষদের বহু বিবাহের আইন পাস হয়। কেনিয়ায় পুরুষদের বহু বিবাহ সনাতনী ব্যাপার হলেও এই প্রথম একে আইনসিদ্ধ করা হলো।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘বিবাহ হলো একজন পুরুষ ও একজন নারীর ঐচ্ছিক সম্মিলন, হোক সেটা একগামিতা কিংবা বহুগামিতা।’
সংশোধিত আইনে স্বামীর একাধিক বিবাহে স্ত্রীর ভেটো বা বাধা দেয়ার অধিকার থাকলেও পুরুষ সংসদের তীব্র আপত্তির মুখে সেই ধারা বাতিল করা হয়।
নারীবাদীরা এই আইনের বিরোধীতা করলেও অনেকেই বলছেন, এই আইনের মাধ্যমে দেশটিতে বিদ্যমান একটি ঐতিহ্যবাহী ব্যবস্থাকেই স্বীকার করে নেয়া হলো।
তবে পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয়া হলেও নতুন আইনে নারীদের কিন্তু সেই অধিকার দেয়া হয়নি।
এএফপি