নাটোর: নাটোরের বিলদহর বাজার এলাকায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে বুধবার আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রতিমন্ত্রী পলক দ্রুত এলাকা ত্যাগ করেন। বর্তমানে এলাকায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, সিংড়ার বিলদহর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের জন্য যান জুনাইদ আহমেদ পলক। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমিনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ২ জন আহত হন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সিংড়ার বিলদহরে একটি অনাকাংখিত ঘটনার খবর শুনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।