জয়পুরহাট : প্রেমের ফাঁদে ফেলে ঢাকার মিরপুর থেকে অপহরণের ৩ মাস ৯ দিন পর শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর থানা পুলিশ অপহৃত তরুণী সুবর্না (১৯) এর লাশ উদ্ধার করেছে।
শহরের আদর্শপাড়ার একটি টয়লেটের সেফটি ট্যাংক থেকে অপহৃত সুবর্নার লাশ উদ্ধার করা হয়েছে। সুবর্না ঢাকা মিরপুর-১০ নম্বর এলাকার হান্নান শেখের মেয়ে।
মিরপুর থানার সহকারী কমিশনার মুক্তাধর জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সুবর্নার সঙ্গে জয়পুরহাটের আদর্শপাড়া এলাকার আরমান আলীর ছেলে আলী হাসান পলাশ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন অবৈধ মেলামেশার পর সুবর্না পলাশকে বিয়ের চাপ দিলে গত ৩০ জানুয়ারি পলাশ তাকে বিয়ের কথা বলে কৌশলে জয়পুরহাটে নিয়ে আসে।
এদিকে সুবর্নাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে তার বাবা বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গত ৬ মে এ মামলার এজাহারভুক্ত আসামি পলাশের মা রহিমা (৫৫) ও বোন শিউলী (৩২) কে ঢাকা ও জয়পুরহাট ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়পুরহাট নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক জয়পুরহাট সদর থানা পুলিশ ও ঢাকা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক পলাশের বাড়ির সেফটি ট্যাংক থেকে সুবর্নার লাশ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রশীদ জানান, সুবর্নাকে বিয়ের প্রলোভনে কৌশলে জয়পুরহাট নিয়ে আসার পর কোনো এক সময় হত্যা করে তার মৃতদেহ বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের ভেতর ফেলে দেওয়া হয়েছে। অপহৃত সুবর্নাকে কমপক্ষে ৮/১০ দিন আগে হত্যা করা হয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ ঘটনায় পুলিশ এখনো এ অপহরণ ও হত্যার মূল আসামি পলাশকে গ্রেফতার করতে পারেনি। তবে তাকে গ্রেফতারে ঢাকা ও জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান অব্যাহত রখেছে বলেও জানায় পুলিশ।