ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমিও যেকোনো সময় মরে যেতে পারি। এর জন্য আমি প্রস্তুতও আছি। তবে জাতীয় পার্টি ক্ষমতায় এলে খুন, গুম, অপহরণ কিছুই থাকবে না। সব কিছইু নির্মূল হয়ে যাবে।’
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউটে জাতীয় পার্টি যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, দেশে আজ মানুষের বাচার অধিকার নেই। প্রতিনিয়ত মানুষ নির্বিচারে খুন হচ্ছে। এগুলোর বিচার হচ্ছে না। এমনিতে ভেজাল খেয়ে মরছে মানুষ। আবার হত্যাও করা হচ্ছে তাদের। তরমুজ খেয়েও মানুষ মারা যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সারা দেশ, সমাজ আজ ধ্বংসের দিকে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কিছু হলে আমরা সিঙ্গাপুর যায়। সাধারণ মানুষ কোথায় যাবে? মানুষ বাঁচতে চায়। তাই তাদের বাঁচার অধিকার দিতে হবে।’
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, বিএনপির রাজনীতি বলতে কিছু নেই। তাদের কোনো ভবিষ্যৎও নেই। সরকার পতনের ক্ষমতাও নেই তাদের। রাজপথে, সংসদে কোথাও নেই তারা। তবে ভবিষ্যৎ আছে জাতীয় পার্টির। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবকিছুর সমাধান হয়ে যাবে।
তিনি আরো বলেন, ঢিল মারলে পাটকেল খেতে হয়। তারা জাতীয় পার্টির ওপর যে জুলুম-নির্যাতন করেছে তার ফলে বিএনপির আজকে এ অবস্থা। আমাদের তারা ৩০০ মিটিং করতে দেয়নি। আমাকে ৩ বছর কারাভোগ করিয়েছে। আমাদের ওপর অনেক অন্যায় অবিচার করেছে বিএনপি।