সিসিনিউজ: সাংসদ ও শিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আগে আমাকে মানুষ তেমন না চিনলেও সাংবাদিকদের লেখনির কারণে শিল্পী মমতাজকে সবাই চেনে।’
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্কাইমুন চাইনিজ রেস্টুরেন্টে ‘মুক্তিযোদ্ধা সাংবাদিক দৈনিক খবরের বার্তা সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি গোলাম কিবরিয়া’ স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) উক্ত আলোচনা সভার আয়োজন করে।
মমতাজ বলেন, ‘আমি যখন গান করি তার অ্যালবাম বের হলে সাংবাদিকরাই তার প্রচার করে। ফলে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। রাজনীতিও করি দেশের মানুষের জন্য। তাই আমাকে আপনারা আরো সহযোগিতা করবেন।’ এসময় তিনি বাচসাসকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, ‘আমার গানের স্বীকৃতি স্বরুপ আমাকে পুরস্কার করা হয়েছে। এছাড়াও আমি পরপর ছয়বার অ্যাওয়ার্ড পেয়েছি।’
তিনি গোলাম কিবরিয়াকে সম্মান জানিয়ে বলেন, ‘সেই এলাকার মানুষ সবচেয়ে দুর্ভাগা যে এলাকায় গুণী মানুষের সম্মান দেখায় না। আমি কাউকে সম্মান করলে একসময় আমাকেও সম্মান করবে। তাই আমি কিবরিয়া ভাইয়ের স্মরণ সভায় চলে এসেছি।’
ট্রাবের সাংবাদিক, সংগঠক ও উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে ও ট্রাবের সভাপতি সালাম মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংবাদিক ও চলচ্চিত্রকার, বাচসাসের সাবেক সভাপতি মো. রফিকুজ্জামান, আবৃত্তি শিল্পী শফি কামাল, সাংবাদিক আমিনুল রেহমান, এফবিসিসিআই এর চলচ্চিত্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, কৌতুক অভিনেতা শাহিন খান প্রমুখ।