নীলফামারী প্রতিনিধি: উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে অনির্দ্দিষ্টকালের কর্মবিরত স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারীর লাইন ক্রুরা।
শনিবার মধ্যরাতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের পরিচালক মোস্তফা কামালের নেতৃত্বে একটি টীম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় লাইন ক্রুরা কর্মসুচী প্রত্যাহার করে নেন।
পবিস নীলফামারী জেনারেল ম্যানেজার দপ্তর সুত্র জানায়, বরখাস্ত হওয়া লাইন টেকনিশিয়ান মাহফুজার রহমানের বরখাস্ত প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত রেখে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত এবং চট্টগ্রামে বদলী হওয়া লাইনম্যান সুলতান আলীর বদলীর আদেশ স্থগিত করে রংপুর বিভাগের কোন জেলায় বদলীর আদেশ দেওয়া হবে।
আন্দোলনকারী ডোমার উপজেলার চিলাহাটি পবিস অভিযোগ কেন্দ্রের ফজলুল হক জানান, রাত ১২টার দিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে মোস্তফা কামাল স্যারের নেতৃত্বে একটি টীম নীলফামারী এসে আমাদের সাথে কথা বলেন। আমরা তাকে বিষয়গুলো অবগত করলে তিনি বরখাস্ত প্রত্যাহার এবং বদলীর আদেশ স্থগিত রাখার আশ্বাস প্রদান করেন। আশ্বাসের প্রেক্ষিতে অনির্দ্দিষ্ট কালের কর্মবিরতি স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পবিস নীলফামারী জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক জানান, কর্মসুচী স্থগিত করে রবিবার সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে গিয়ে কাজ শুরু করেছেন লাইন ক্রুরা।
এরআগে শনিবার সকাল ৯টা থেকে অনির্দ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেন পবিস নীলফামারী সমিতির আওতায় প্রায় ৬৫জন লাইন ক্রু। বরখাস্ত ও বদলীর আদেশ প্রত্যাহার, অনিয়ম, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে কর্মসুচী শুরু করেছিলেন তারা।