সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় সৃষ্ট অগ্নিকান্ডে স্কুল শিক্ষক এক পরিবারে প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন সরকারের বাসায় এ অগ্নিকান্ড সংঘটিত হয়। ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন খালিশা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান। তাদেরই রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী তিনটি কক্ষে। আগুনে ঘরের ফ্রিজ, টিভি, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্ত্বে আনে। অগ্নিকান্ডের সময় ওই পরিবারের দম্পতি বাসায় ছিলেন না।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন সিসি নিউজকে জানান, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।