• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচন: রাব্বি ও বিএনএফ প্রার্থীর মনোনয়ন বাতিল

EC-2সিসিনিউজ: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা আটজনের মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, ত্বকীর বাবা রফিউর রাব্বি এবং সমর্থনকারী ভোটারদের স্থান সঠিক না থাকায় বিএনএফ প্রার্থী আবু হামিদুর রেজা ভাসানীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে অপর ছয়জনের মনোনয়নপত্র।
গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাছাই কমিটির প্রধান উপনির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ, সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ মনোনয়ন জমা দেয়া আট প্রার্থী ও তাদের সমর্থকরা।
বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে রফিউর রাব্বির মনোনয়ন বাতিল করা হয়। তার কাছে সোনালী ব্যাংকের ১৯ কোটি ৪০ লাখ ৩২ হাজার ১০৪ টাকা পাওনা রয়েছে। মনোনয়ন বাতিলের আরেকটি কারণ হিসেবে রাব্বির জমা দেয়া এক শতাংশ ভোটারের তালিকার মধ্যে ১০ জনকে বাছাই করে তাদের কাছে সমর্থন দেয়ার কথা জানতে চাইলে দুজন সমর্থনের কথা অস্বীকার করে।
অন্য দিকে বিএনএফ-এর প্রার্থী আবু হামিদুর রেজা ভাসানীর সমর্থক ও প্রস্তাবকারী দুইজন ভোটারের এলাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকাতে না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীরা হচ্ছেন, আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাই জাতীয় পার্টি মনোনীত বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, পদত্যাগী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইকবাল সিদ্দিকী ও অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ।
আপিল করবেন রাব্বি
বাছাই সঠিক হয়নি দাবি করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তা সঠিক হয়নি। আমি আগামী তিন দিনের মধ্যে নির্বাচনের নীতিমালা অনুযায়ী আপিল করব। আমি আশা করছি প্রার্থিতা ফিরে পাবো।
সাংবাদিকদের সাথে আলাপকালে রফিউর রাব্বি বলেন, ‘এ নির্বাচনে সংসদ সদস্য হওয়া মূল বিষয় নয়। অশুভ শক্তি থেকে নারায়ণগঞ্জ মুক্ত করার জন্য এ নির্বাচন।
১৯৯৬ সাল থেকে কোম্পানির দায় আমার ওপর আসতে পারবে না। প্রতিষ্ঠানের ঋণখেলাপির দায় পরিচালক দায়ী নয়। এ আইনও প্রযোজ্য হবে না। আমাকে নির্বাচন থেকে বাদ দেয়ার জন্য আগে থেকে কৌশল চলছিল। কিন্তু আমি আশা করি আপিলে প্রার্থিতা ফিরে পাবো।
তিনি বলেন, নারায়ণগঞ্জের খুন, গুম, হত্যা, সন্ত্রাস ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সন্ত্রাসের বিপক্ষেই আমার অবস্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ