দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা থাকায় তিনি দায়িত্ব গ্রহণ করতে না পারায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশে পূর্বের উপজেলা চেয়ারম্যানকে চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। সে নের্দেশের আলোকে বুধবার থেকে পূর্বের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী দায়িত্বভার গ্রহন করেছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী জানান, ঘোড়াঘাট উপজেলার নির্বাচিত চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর বিরুদ্ধে নাশতকামূলক কর্মকান্ড সৃষ্টি ও বিস্ফোরক আইনে মামলা থাকার কারণে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন না করে পলাতক রয়েছেন। পলাতক থাকায় উপজেলা পরিষদের অফিসিয়াল কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অবহিত করা হলে মন্ত্রনালয় থেকে সরকারের ঘোষিত আইন ও স্থানীয় সরকার মন্ত্রনালয় বিধি অনুযায়ী পূর্বের উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী চলতি দায়িত্বে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। সে মোতাবেক তিনি বুধবার থেকে দায়িত্বভার গ্রহন করেছেন। বর্তমান নির্বাচিত চেয়ারম্যান যোগদান না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে জানান জেলা প্রশাসক।
এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তবিবর রহমান জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন নির্বাচিত হওয়ার পর গত ২২ এপ্রিল প্রথম সভা আহবান করা হয়। কিন্তু তিনি ওই সভায় উপস্থিত না হওয়ায় পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়নি। এছাড়াও চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী অর্থ বছরের বাজেট প্রদানের জন্য ১২ জন কর্মকর্তার প্রয়োজনীয় কাগজপত্র স্বার করে মন্ত্রনালয়ে প্রেরন করতে হবে। এসব বিষয়ে বিবেচনা করে স্থানীয় সরকার মন্ত্রনারয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশে পূর্বের উপজেলা চেয়ারম্যানকেই দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়। বুধবার থেকে তিনি চলতি দায়িত্ব পালন করছেন।