লালমনিরহাট প্রতিনিধি: চাকুরি সরকারিকরণের দাবিতে বুধবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন কর্মসূচি পালিত করেছে। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা প্রধানমন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।
জানা গেছে, গত ৯ জানুয়ারি ২০১৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের চাকুরি সরকারিকরণের ঘোষণা দেন। অথচ, লালমনিরহাটের ৫টি উপজেলার ২৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের চাকুরি সরকারিকরণ হয়নি। দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকুরি করতে গিয়ে অর্থাভাবে পরিবারের লোকজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি কোনো কোনো শিক্ষক-শিক্ষিকার চাকুরির বয়সসীমা শেষ পর্যায়ে পৌছালেও সরকারি বেতন-ভাতাদি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত না হওয়ায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়েছেন।
সতীরপাড়-চলবলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৭ মে ২০১২ইং তারিখের মধ্যে স্থাপিত এবং চালুকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ জাতীয়করণের আওতায় পড়ার কথা থাকলেও তা বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। আমরা অবিলম্বে চাকুরি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করছি।