সিসিনিউজ: বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, “মানবাধিকার রক্ষার আন্দোলন শুরু করতে হবে এখনি। তা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে।”
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মানবাধিকার? গণতন্ত্র? জেগে উঠো বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. কামল বলেন, “দেশে মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহূর্তে দেশ ও দেশের গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে জেগে উঠতে হবে। ভয়-সংকোচ দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
কামাল হোসেন বলেন, “মানবাধিকার রক্ষায় গুলি টিয়ারশেলকে ভয় করা চলবে না। যুগে যুগে সৎ ও নির্যাতিতরাই বিজয়ী হয়েছেন।”
ড. কামাল বলেন, “দেশের সকলকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ফরমালিনমুক্ত রাজনীতির প্ল্যাটফর্ম এখনো আছে। সেখান থেকে আন্দোলন জোরদার করতে হবে।”
কামাল হোসেন বলেন, “সরকার দেশের অস্ত্র জনগণের স্বার্থে ব্যবহার না করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এর ফল কোনোদিন ভালো হয়নি আর হবেও না।”
নারায়ণগঞ্জের উপনির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে বিজয়ী করার আহ্বান জানান ড. কামাল।
ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি’র প্রেসিডেন্ট শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাংবাদিক নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ব্যারিস্টার তুহিন মালিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা বেগম ও নাগরিক ঐক্যের সুকুমার বড়ুয়া প্রমুখ।