সিসিনিউজ: দেশে মহাজোট সরকারের বিকল্প জামায়াতে ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলাম, জঙ্গি ও তালেবানি সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যখন শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করছেন, তখন কোনো অন্তর্কলহ, ক্ষমতাবাজি, দলবাজি আমরা সহ্য করব না।’
আজ শনিবার বিকেলে পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে পাবনা জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।
জাসদের সভাপতি ইনু বলেন, ‘যারা বর্তমান সরকারকে অবৈধ বলে তারা ৭১-এর মতো আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই সরকার একটি গণতান্ত্রিক সরকার। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।’
তথ্যমন্ত্রী বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী নির্বাচন নিয়ে, গণতন্ত্রের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সংবিধান মানে না, মানবতা মানে না, তাদের সাথে কোনো ধরনের আলোচনা হতে পারে না।’
তথ্যমন্ত্রী বাজেট প্রসঙ্গে বলেন, এ বাজেট সামনে এগোনোর বাজেট। বৈষম্য কমানো এবং সমৃদ্ধি অর্জনের বাজেট। যেমন দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন হয়েছে, তেমনি বাজেটও বাস্তবায়ন হবে।
জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেত্রী ও সাংসদ লুত্ফা তাহের, সহসভাপতি ও সাংসদ রেজাউল করিম তানসেন, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, জাসদের নেতা ওয়ায়েদুর রহমান, পাবনা জেলা জাসদের সাধারণ হাবিবুল হক মিন্টু প্রমুখ।
সম্মেলনের শুরুতে তথ্যমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মেলনে পাবনা, নাটোর, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে তথ্যমন্ত্রী পাবনা প্রেসক্লাব পরিদর্শন ও জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উৎসঃ প্রথম আলো