ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৩৮ পিস ইয়াবাসহ ইমরান হক খান নামের এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। তিনি উত্তরা ব্যাংক শ্রমিকলীগ ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া বাংলামেইলকে জানান, রাত সাড়ে ১০টার দিকে সবুজবাগ থানাধীন এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ইয়াবা বিক্রির উদ্দেশে রওয়ানা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। আলামত এবং অভিযুক্তের কথার ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ইমরান হক খান উত্তরা ব্যাংক শ্রমিকলীগ ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন থেকে দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে।
এ ব্যাপারে শ্রমিকলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মিথ্যা মামলা এবং নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হতো।
মামলা প্রসঙ্গে রাত সাড়ে ১২টায় সবুজবাগ থানার এসআই শওকত বলেন, ‘ইমরানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি শ্রমিকলীগ নেতা বলে আমরা খবর পেয়েছি।’