ঢাকা : দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন একমাত্র সংলাপের মধ্যে দিয়ে হতে পারে, নতুবা আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে কোনো প্রকার সাড়া না আসলে আন্দোলনের পথই হবে একমাত্র সমাধান।
সংলাপের এজেন্ডা কিরূপ হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই হবে আলোচনার একমাত্র এজেন্ডা।
আওয়ামী লীগ নেতারা বলেছেন ২০১৯ সালের পুর্বে কোনো নির্বাচন বা কোন সংলাপ নয় এ ব্যাপারে মির্জা ফখরুলের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জনগণ এ ধরণের চিন্তা ও ভাবনা প্রত্যাখান করেছে। সবাই চায় অবাধ সুষ্ঠ নির্বাচন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।