ঢাকা: শিগগিরই অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হবে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মিসেস আমিনা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে ৮৩টি অনলাইন গণমাধ্যমের অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। অনলাইন গণমাধ্যমকে নীতিমালার আওতায় আনার জন্য ২০১২ সালের ১৬ অক্টোবর ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা’ প্রণয়নের জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘পরবর্তীতে ২০১৩ সালের ২০ জানুয়ারি কমিটি সংশোধন করা হয়। কমিটিকে সহায়তা করার জন্য কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই উপ-কমিটি একটি খসড়া নীতিমালা প্রণয়নপূর্বক দাখিল করেছে। এখন বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর যথাশিগগিরই এটি চূড়ান্ত করা হবে।’
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব এবং গণমাধ্যমের স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাসী। বস্তুত সংবাদ প্রকাশ ও প্রচারে ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সরকার ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন (The Press Council Act, 1974), যুগোপযোগি করার উদ্যোগও নেয়া হয়েছে।’
এছাড়া সাংবাদিকদের দায়বদ্ধতা সৃষ্টি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশের সংবাদপত্র, সংবাদসংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরনীয় আচরণবিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গণমাধ্যম কর্মীদের আবাসন সমস্যা সমাধানের ব্যাপারে সরকার অবগত রয়েছে। ইতোমধ্যে সংবাদিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাসস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বেগম সানজিদা খানমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থ বছরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ক্রোড়পত্র হতে ২ শতাংশ সার্ভিস চার্জ বাবদ ১২ লাখ ৩৩ হাজার ৭৩৭ টাকা ৬৩ পয়সা আদায় করা হয়েছে।