আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও সিরিয়ায় তৎপর সুন্নী ইসলামী যোদ্ধা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলার বিষয়টি জরুরিভিত্তিতে বিবেচনা করছে আমেরিকা।
মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে আইএসআইএল যোদ্ধারা যে দ্রুতগতিতে বিভিন্ন শহর দখল করে রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সে অগ্রগতি ঠেকাতে হোয়াইট হাউজ জরুরিভিত্তিতে সামরিক অভিযানের বিষয়টি ভাবছে।
এ কর্মকর্তা জানান, ওবামা প্রশাসন বিমান বাহিনী অথবা নৌবাহিনীর যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে, পাইলটচালিত বিমান হামলার বিষয়টি বেছে নেয়া হতে পারে বলে জানান তিনি।
এদিকে, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, আইএসআইএল সমস্ত সীমা পেরিয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তিনি বিশ্বাস করেন- মিত্রদের চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকা দ্রুতগতিতে এবং কার্যকর ব্যবস্থা নেবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে নতুন করে সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউজের ওবামা জানান, সেনা পাঠানোর পরিবর্তে ইরাকের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য তিনি তার জাতীয় নিরাপত্তা দলকে অন্য পথগুলো ভেবে দেখার কথা বলেছেন। আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যবস্থা পর্যালোচনা করে দেখা হবে।