
বরিশাল: বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচন চলছে। আওয়ামী লীগের একতরফা নির্বাচন হওয়ায় নেই কোনো আমেজ।
মনোনয়নপত্র দাখিলের পর থেকে বিএনএফ’র একমাত্র প্রার্থীর কোনো হদিস নেই। নির্বাচনের মাঠে একদিনও দেখা যায়নি তাকে। তার পক্ষ থেকে ছাপা হয়নি কোনো লিফলেট কিংবা পোস্টার।
একতরফা এই নির্বাচন বর্জনের দাবি জানিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছে বরিশাল বিএনপি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন বলেন, একতরফা এই নির্বাচনের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, অবৈধ এই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচন নামের এই পাতানো খেলার মাধ্যমে রাষ্ট্রের জনগণের লাখ লাখ টাকার অপচয় করছেন।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম জানান, উপনির্বাচনে আইনশৃংখলা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে চারটি ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে। পাশাপাশি ভ্রাম্যমান চার আদালতের তদারকিতে দুইজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আরো দুটি দল মাঠে নেমেছে।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) মোঃ কামরুজ্জামান জানান, আগামী ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে।
মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর) শোয়েব আহমেদ জানান, পুলিশের ৩৫টি ভ্রাম্যমান দল নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া মহানগরীর চার থানায় একটি করে মোট চারটি ভ্রাম্যমান দল স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। পাশাপাশি তাদের সাথে বিজিবির ৬ প্লাটুন সদস্যও মোতায়েন থাকবে। বরিশাল সদর আসনটি নৌপথ পরিবেষ্টিত এলাকায় নাশকতা ঠেকাতে কোস্টগার্ডের সদস্যরাও নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। এই আসনের মোট ভোটকেন্দ্র ১৫৯টি, মোট ভোটদান কক্ষ ৮১০টি।
উপনির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মরহুম সংসদ সদস্য শওকত হোসেন হিরনের সহধর্মিণী জেবুন্নেছা আফরোজ (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী সাইফুল ইসলাম লিটন (টেলিভিশন)।