ঢাকা : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করতে চাইলেও ট্রেড ইউনিয়নের কারণে তা সম্ভব নয়। প্রত্যেক কাজে ট্রেড ইউনিয়ন বাধা হয়ে দাড়াচ্ছে। তারা এতটা শক্তিশালী যে কল্পনাও করা যায়না। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘প্রকল্প মূল্যায়ন’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রীর দেয়া একটি তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে ট্রেড ইউনিয়ন করার জন্য আমেরিকা খবরদারি করে। অথচ তাদের দেশে বেসরকারি খাতে মাত্র ১৭ শতাংশ এবং সরকারি খাতে ৩৫ শতাংশ ট্রেড ইউনিয়ন আছে।
বাংলাদেশ বিমানের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে। কিন্তু ট্রেড ইউনিয়নের কারণে সংস্কার করা যাচ্ছে না।
প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেকে যার যার প্রতিষ্ঠানে নিজের দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। সবাই নিজের ক্ষেত্রে এগিয়ে গেলে আমাদের এই দেশ এগিয়ে যাবে।
কর্মশালার বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পণামন্ত্রী আব্দুল মান্নান বলেন, আমাদের প্রকল্পগুলো মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট হতে হবে। যেসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি তা স্পষ্ট করে ফোকাস করতে হবে। এরপর কেন হয়নি, কিভাবে করতে হবে তা বিশ্লেষণ করতে হবে।
পর্যবেক্ষণ, পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)র সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সমীক্ষায় প্রকল্পগুলোর উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি সুপারিশ করা হয়। আইএমইডির নিজস্ব জনবল ও পরামর্শক ফার্মের মাধ্যমে প্রকল্পগুলোর সমীক্ষা পরিচালনা করে। কর্মশালায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।