কুড়িগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন করে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি দল বিএসএফ আবারও পাকা রাস্তা নির্মানের চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশা কোটাল সীমান্তে।
বিজিবির প্রতিরোধ এবং উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে নির্মাণ কাজ সাময়িক বন্ধ হলেও নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়নি বিএসএফ। এতে আবারও যে কোন মুহুর্ত্যে রাস্তা নির্মানের কাজ শুরু করবে বলে আশংকা করছে এলাকাবাসি।
বিজিবি ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৯৩৪ নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৫নং সাব পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারবিহীন ফাঁকা জায়গায় ভারতীয় কুর্শাহাট-দিনাহাটা সড়কটি অবস্থিত।
আইনের সীমাবদ্ধতা এবং বিজিবির প্রতিরোধের কারণে একাধিকবার চেষ্টা করেও সেখানে রাস্তা মেরামত কিংবা কাঁটাতারের বেড়া নির্মানে ব্যর্থ হয় বিএসএফ।
কিন্তু আজ মঙ্গলবার সকালে ভারতীয় ১২৪ বিএসএফ ব্যাটালিয়ানের অধীন করলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার দেশরাজ সিংয়ের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল ট্রাকযোগে নির্মাণ সামগ্রী, রোলার মেশিন ও শ্রমিক নিয়ে এসে রাস্তা নির্মানের কাজ পুনরায় শুরু করে।
এ খবর নিকটবর্তী বালারহাট বিজিবি ক্যাম্পে পৌছলে হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পতাকা উড়িয়ে কাজে বাধা দেয়।
বিজিবি বিএসএফের মুখোমুখি অবস্থানের কারণে ওই সময় সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
৪৫ বিজিবির অধীন বালারহাট বিওপির হাবিলদার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আগামীকাল সকালে সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হবে।
এছাড়া বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি সর্তক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।