ঢাকা: দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের তৃতীয় একক বেঞ্চ রিটটি খারিজ করে দেয়।
গত ১২ মে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন খালেদা জিয়া।
এর পর গত ২৫ মে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ বিভক্ত আদেশ দেন। ফলে রিট নিষ্পত্তিতে বিচারপতি কাজী রেজা-উল হকের তৃতীয় একক বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় খালেদার উপস্থিতিতে ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।