সিসিনিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এই সংসদ বেশি দিন থাকবে না। ভারতে কংগ্রেসের পরাজয়ে বর্তমান সরকারের প্রাণভ্রমরা মরে গেছে।’
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে আজ বিকেলে বন্দর উপজেলায় আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। বর্তমান জনসমর্থনহীন সরকারকে লাল কার্ড দেখাতে তিনি গামছা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকার আফ্রিকান মাগুরে পরিণত হয়েছে। আফ্রিকান মাগুর যেমন সবকিছু খাওয়া শেষ হলে নিজেরাই নিজেদেরকে খায় তেমনি বর্তমান সরকার দেশের সবকিছু খাওয়া শেষ করে এখন নিজেরাই নিজেদেরকে খাচ্ছে। নারায়নগঞ্জে সাত হত্যাকাণ্ড তারই আলামত।’
বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা, ইস্পাহানি বাজার, বক্তারকান্দি নবীগঞ্জ ও বন্দরে আয়োজিত নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার, বিল্লাল হোসেন প্রমুখ।