নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মফিজুল ইসলাম (২৯) নামের এক বখাটোকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী এই দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মফিজুল নীলফামারী সদর উপজেলা সোনরায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান,বখাটে মফিজুল ফকিরগঞ্জ ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণরি এক ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতো। ঘটনার দিন শনিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রীর ওড়না দরে টান দেয় বখাটে মফিজুল। এসময় ওই ছাত্রীর কয়েকজন সহপাঠীসহ এলাকাবাসী মফিজুলকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। সন্ধ্যায় পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে বাংলাদেশ দন্ড বিধি ৩৫৪ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিলে রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত মফিজুল বিরুদ্ধে ছাত্রী উত্যক্ত করা ছাড়াও এলাকায় ছোটখাটো চুরিসহ আরো অনেক কুকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে বাংলাদেশ দন্ড বিধি ৩৫৪ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।