আকতার হোসেন বকুল, হিলি: সুপ্রিম কোর্টের আইনজীবি আব্রাহাম লিংকন বলেছেন, সমাজের মাদক, মানব ও অবৈধ অস্ত্রের যে ব্যবহার ও পাচার হচ্ছে তা রাজনৈতিক ছত্রছায়ায় সংঘঠিত হচ্ছে। তাই দেশ থেকে এসব প্রতিরোধে রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের আয়োজনের দিনাজপুরের হিলি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জয়পুরহাট ও হিলি সীমান্তের মাদক, মানব ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কাষ্টমস, পুলিশ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের বক্তব্য দেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আকরাম হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান, পৌর মেয়র শাখাওয়াত হোসেন শিল্পী, সুপ্রিম কোর্টের আইনজীবি আব্রাহাম লিংকন, মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক ডা. মো. আলতাফ হোসেন, জয়পুরহাট পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ এর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো: আব্দুল হাকীম মন্ডল।
সভায় ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুর রাজ্জাক তরফদার বলেন, সীমান্তের মাদক, মানব ও অবৈধ অস্ত্রের পাচারের সঙ্গে যাঁরা জড়িত, তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছাড়া বিজিবির একার পক্ষে প্রতিরোধ কর সম্ভব না। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে বিজিবি আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিজিবি ক্যাম্প থেকে হিলি চেকপোষ্ট গেট পর্যন্ত মাদক, মানব ও অবৈধ অস্ত্রের পাচার প্রতিরোধ ব্যানার ও ফেষ্টুন নিয়ে একটি র্যালী বের করে।