সিসি ডেস্ক: লোকবলের অভাব ও দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় রেলওয়ের ১৫৭টি স্টেশনের কার্যাক্রম স্থগিত রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, দীর্ঘদিন যাবত রেলওয়েতে নব নিয়োগ বন্ধ থাকায় স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অভাবে বিভিন্ন স্টেশনের স্বাভাবিক কোর্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কোনো স্টেশন বন্ধ করা হয়নি। মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৬৫৯টি স্টেশন মাস্টারের পদ শূন্য রয়েছে। স্টেশন মাস্টার ও বুকিং সহকারির স্বল্পতার কারণে প্রতিদিন ১৫৭টি স্টেশনের স্বাভাবিক কার্যক্রম আংশিক ও সম্পূর্ণ স্থগিত থাকে। এসব স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে বিভিন্ন শূন্য পদে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এ পরর্যন্ত ১২টি বন্ধ স্টেশন পুনরায় চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী। সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মচারীর অভাবে স্টেশন বন্ধ, ট্রেন বাতিলসহ স্বাভাবিক ট্রেন চলাচল স্থবির হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার রেলওয়ের ভাড়া বাড়ানোর পাশাপাশি রেলের যাত্রী সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহ করে নতুন নতুন ট্রেন চালু করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী জানান, বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ও গুরুত্বপূর্ণ স্টেশনে ওয়াইফাই ব্যবস্থা চালুর কর্মসূচিও নেওয়া হয়েছে।