সিসিনিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গোলাম মসীহ আমাদের পার্টির কেউ না। সে পদত্যাগ করেছে। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য এ পর্যন্ত কোন আবেদন করেনি। সন্ধ্যায় গুলশানে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। এরশাদ এমন কথা বললেও গত নির্বাচনের পর থেকে বিরোধী দলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম মসীহ। এর আগে পার্টির চেয়ারম্যানের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে দলের প্রেসিডিয়ামের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ইফতার মাহফিলে এরশাদ বলেন, আবার জনসেবার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর দরবারে নেতাকর্মীদের চোখের পানি ফেলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা পানি ফেলো যাতে আবার জনসেবা করার সুযোগ পাই। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মহাসচিব না কি আমার হুকুম ছাড়াই কমিটি ভাঙছে। আমি বলতে চাই। মহাসচিব সকল কমিটি আমার হুকুমেই ভাঙছে। অনেক জেলার কমিটি ১৪ বছর ধরে অকার্যকর। আমি সেগুলো ভেঙে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছি। তিনি বলেন, গোলাম মসীহ আমাদের পার্টির কেউ না। সে পদত্যাগ করেছে। কিন্তু সে আর পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেনি। এরশাদ বলেন, নতুন করে পার্টি গড়ে তুলতে হবে। আগামীতে আমাদের পার্টিকে ক্ষমতায় নিতে হবে। তোমরা প্রস্তুত হও। ঢাকা মহানগর উত্তরের এই ইফতার মাহফিলে অংশ নেয়ার মধ্য দিয়ে নতুন করে সক্রিয় হলেন জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তবে তিনি কোন বক্তব্য রাখেননি। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এই মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা শিক্ষা নিবো মানুষকে ঠকাবো না, মানুষকে কষ্ট দিবো না। সৎ রাজনীতি করবো। তিনি বলেন, ‘মানুষ আর দুইনেত্রীকে চায় না। মানুষ এখন এরশাদকে চায়। মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাপার ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী। উপস্থিত ছিলেন এমএন হান্নান এমপি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।