খেলাধুলা ডেস্ক: অবশেষে ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। ফিফা এক বিবৃতিতে বুধবার এ কথা জানিয়েছে। ২০১০-এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গেয়েছিলেন এ গান। তবে এবার ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে রাখা হয়নি। থিম সং ‘ওলে ওলা’ গেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সংগীতশিল্পী পিটবুল ও জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন ব্রাজিলের পপস্টার ক্লদিও লেইতে। তবে এবারের থিম সং দর্শক-শ্রোতাদের হৃদয় কাড়তে পারেনি। বরং তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবার বিশ্বকাপ উপলক্ষে গাওয়া শাকিরার ‘লা লা লা’ গানটি। থিম সং না হয়েও ইউটিউব ও অন্যান্য ভিডিও ডাউনলোডের মাধ্যমে ‘ওলে ওলা’র চেয়ে বেশি দেখা ও ডাউনলোড করা হয়েছে শাকিরার ‘লা লা লা’ গানটি। আর এতেই বাজিমাত করে দিয়েছেন গত বিশ্বকাপে থিম সং গাওয়া শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে না গাইলেও সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন তিনি। তার জনপ্রিয় ‘লা লা লা’ গানটিই এদিন তিনি পরিবেশন করবেন। ১৩ই জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে শাকিরার সঙ্গে পারফর্ম করবেন মেক্সিকান জনপ্রিয় সংগীতশিল্পী কার্লোস সানতানা ও যুক্তরাষ্ট্রের উইসলেফ জেন। সমাপনী অনুষ্ঠাতে গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি স্পেনের ফুটবলার জেরার্ড পিকের সন্তানের মা শাকিরা। বলেন, ‘বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়ে সত্যিই আমি রোমাঞ্চিত। ফুটবলের সঙ্গে আমার সম্পর্কটা অনেক গভীরে। বিশ্বকাপের অর্থটা আমি বুঝি।’