নওগাঁ: নওগাঁয় সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফর গুলিতে এক ভারতীয় গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার বামনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করে বিজিবি।
আটককৃত জিল্লুর রহমানের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর এলাকায়। অপরজনের ভারতীয় সীমান্তে মৃত্যু হওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।
৪৬ বিজিবির কমান্ডিং অফিসার রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুই ভারতীয় নাগরিক অবৈধপথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি সন্দেহে গুলি চালায় বিএসএফ। এ সময় ভারতীয় ছত্রাহাটি সীমান্ত এলাকায় ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। সঙ্গে থাকা জিল্লুর রহমান পালিয়ে এলে সাপাহারের বামনপাড়া সীমান্তের ২৪৫ নং পিলারের কাছ থেকে তাকে আটক করে বিজিবি।
তিনি আরও জানান, আটককৃত জিল্লুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফর কাছে হস্তান্তর করা হবে।