হাসান মাহমুদ, লালমনিরহাট : পবিত্র রমজান মাসে আল্লাহ্র ইবাদত তারাবি নামাজে মানুষ যখন মশগুল ঠিক তখনি রাতের অন্ধকারে সরকারি খাদ্য গুদাম থেকে ৫শ বস্তা জিআর, টিআর, খাবিখার চাল পাচার করে ভেজাল চাল ঢুকানো হয়েছে । ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ।
লালমনিরহাটের পাটগ্রামে সরকারি খাদ্য গুদাম থেকে মঙ্গলবার(৮-জুলাই) দিবাগত রাত ১১টায় ৫শ বস্তা জিআর, টিআর, খাবিখার চাল পাচারের সময় হাতেনাতে আটক করে এলাকাবাসী । অবশেষে এলাকাবাসীর তোপের মুখে রাত সাড়ে ৩টায় গুদাম কর্মকর্তা আব্দুছ ছালাম মিঞাসহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন-পাটগ্রাম খাদ্য গুদাম কর্মকর্তা কুড়িগ্রামের আব্দুছ ছালাম মিঞা(৪৮), অফিস সহকারী হাতীবান্ধার খগেন্দ্র নাথ(৪৯), নৈশপ্রহরী কোটতলী এলাকার ইসমাইল হোসেন(৪৭) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের টিআর, কাবিখা, কাবিটার চাল, গম ক্রয়কারী দালাল পাটগ্রামের বেলাল হোসেন(৪৫)।
জানাগেছে, চাল পাচার হচ্ছে এমন সংবাদ শুনে ঘটনা স্থলে পৌরসভার কোটতলী এলাকার সরকারি খাদ্য গুদাম রাত সাড়ে ১১টায় উপস্থিত হন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ইউএনও রফিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওছমান গণি, ওসি আমিরুজ্জামান আমির। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ার পরও গুদাম কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা প্রকল্প অফিসের দালাল বেলাল হোসেনকে আটক না করতে চাইলে শত শত উত্তেজিত জনতা উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, ওসি আমিরুজ্জামান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওছমান গণিকে প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও দালাল বেলাল হোসেনকে আটক করে তাদেরকে পুলিশ থানায় নিয়ে গেলে রাত সাড়ে ৩টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পাটগ্রাম খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুছ ছালাম মিঞা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘৫শ বস্তা স্বর্ণা ধানের চিকন চালের পরিবর্তে ৫শ বস্তা মোটা হিরা ধানের চাল বদল করে নিয়ে যাচ্ছিল বেলাল হোসেন। বিষয়টি আসলে আমার ভুল হয়েছে। দয়াকরে, আপনারা এটা নিয়ে কোনো লেখালেখি করবেন না। আমাকে ক্ষমা করবেন।
পাটগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওছমান গণি জানান, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে গোডাউন সিলগালা করে অভিযুক্তদেরসহ চালের ট্রাকটি পুলিশের হেফাজতে আটক রয়েছে। বুধবার(৯-জুলাই) রংপুর বিভাগী ও লালমনিরহাট জেলা খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের আসতে বলা হয়েছে। কর্মকর্তারা আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল জানান, ‘পাটগ্রাম উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৫শ বস্তা চাল পাচার ঘটনাটির ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ‘গুদাম কর্মকর্তা, কর্মচারী ও দালার বেলাল হোসেনের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ও এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’