দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৬৭ হাজার চকলেট বোমা, ৫টি মোটরসাইকেলসহ ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত বিজিবি’র টহলদল একাধিক অভিযান চালিয়ে ৬৭ হাজার চকলেট বোমা, ৫টি মোটরসাইকেল, ২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। বিজিবি’র টহলদল বিরামপুর উপজেলার কাটরা এলাকা থেকে ৬৭২ প্যাকেট চকলেট বোমা উদ্ধার করে। ওই প্যাকেট থেকে ৬৭ হাজার ২শ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়। দাউদপুর এলাকা থেকে ২ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, ১১০ বোতল ফেন্সিডিল ও মালিকবিহীন ৫টি মোটরসাইকেল উদ্ধার করে। অচিন্তুপুর এলাকা থেকে ৩টি বাইসাইকেল, ৩৯ কেজি কচ্ছপের শুটকি ও ৫০ প্যাকেট স্টিল সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া বিজিবির টহলদল ঘাসুড়িয়া এলাকা থেকে থান কাপড় ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মূল্য ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসব ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।