দিনাজপুর প্রতিনিধি: হিলিস্থল বন্দর কাষ্টমস গুদামের ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
দিনাজপুরের হিলি কাষ্টমস গুদামের সুপার মনিরুামান জানান, গত ১৩ জুলাই কাষ্টমস ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম সরকারী কাজ শেষে দিনাজপুর থেকে মোটরসাইকেলযোগে হিলিতে ফিরছিলেন। পথে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে পৌঁছলে একটি দ্রুতগামী ট্র্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের আজিম উদ্দীনের ছেলে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।