ঝিনাইদহ: ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে মকিম গাজী (৩০) নামে এক চাঁদাবাজ ও ছিনতাইকারীকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এসময় কুপিয়ে দুহাত মারাত্মক জখম করেছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
আহত মকিম গাজী ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানায়, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে রাত ৯ টার দিকে কাঞ্চনপুর এলাকায় মকিম গাজীকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন করে ফেলে। একই সঙ্গে ডান ও বাম হাতে কুপিয়ে জখম করা হয়।
পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, ছিনতাই করা টাকা ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। মকিমের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।