ঢাকা: নাশকতা-ভাঙচুরের মামলায় হাই কোর্টের জামিনে মুক্তি পাওয়ার পর চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামকে কারাফটকেই আবার গ্রেফতার করেছে পুলিশ।
কারা কর্তৃপক্ষ জানায়, হরতাল-অবরোধে হামলা, নাশকতা ও ভাঙচুরের অভিযোগে কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের নথি হাতে পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শামসুল ইসলামকে মুক্তি দেয়া হয়। এর পরপরই লোহাগাড়া থানার দুটি মামলায় কারা ফটক থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার দক্ষিণ মোস্তাফিজুর রহমান জানান, লোহাগাড়ায় একটি পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর, নাশকতা এবং পেট্রল পাম্পে আগুন দেয়ার অভিযোগে দুটি মামলায় এই জামায়ত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে চট্টগ্রামের সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় নগর জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।