সিসিনিউজ: সচিবালয়ে প্রবেশের সময় পুলিশের হাতে আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ভুয়া এক সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাংবাদিক।
নিরাপত্তা পুলিশের সদস্যরা জানান, আজ বুধবার দুপুরে জাল পরিচয়পত্র ও অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য পরিচয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করছিলেন বরিশালের আলেকান্দার মাহতাব উদ্দীন।
দায়িত্বরত পুলিশ তার পরিচয়পত্র পরীক্ষা করে তথ্য অধিদফতরের ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডের সঙ্গে অমিল পায়। ওই কার্ডে এক বছরের পরিবর্তে ১০ বছর মেয়াদ দেওয়া রয়েছে।
এ ব্যপারে নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মশিউর রহমান জানান, পরিচয়পত্র জাল হওয়ার কারণে সকালে তাকে আটক করা হয়। দৈনিক ‘নিরপেক্ষ’ পত্রিকার নামে তথ্য মন্ত্রণালয়ের কার্ডটি জাল প্রমাণের পরেও তিনি নিজেকে পত্রিকার মালিক এবং সম্পাদক পরিচয় দেন।
তিনি জানান, শুধু তাই নয়, ওই ব্যক্তি বরিশালের সাবেক এমপি পরিচয় দিয়েও সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। তবে যাচাইয়ের পর জানা যায়, আসলে তিনি সাবেক এমপি নন।
আটক মাহতাব উদ্দিন পুলিশকে জানিয়েছে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে ১৯৮৮ সালে তিনি বরিশাল থেকে নির্বাচন করেছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন এবং তার জামানত বাজেয়াপ্ত হয়।
সচিবালয়ে কেন এসেছিলেন পুলিশ জানতে চাইলে মাহতাব উদ্দীন বলেন, এক ভাগ্নে পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি করতেন, তার চাকরি চলে গেছে। সে কারণে তদবির করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, বয়স বিবেচনা করে এবং এই অপরাধের জন্য মাফ চাওয়ার পর প্রায় সোয়া চার ঘণ্টা আটক রেখে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উৎসঃ সমকাল