ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ওপারে হুরুল (২৫) ও জুয়েল নামে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে। আটক হুরুল একই উপজেলার ভদ্রশ্বেরী গ্রামের আহমেদ আলীর ছেলে এবং জুয়েল হরিপুর উপজেলার মরাধার গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, সীমান্তের ৩২৭/৭সাব পিলার এলাকার ৮০০ গজ ওপারে ভারতের অভ্যন্তরে ডাংরিপাড়ায় ১২শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তিনমাস আগে তারা অবৈধ পথে কাজের সন্ধানে দিল্লী যায় এবং গতকাল রাতে তারা দেশে ফিরছিল।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবার কথা রয়েছে বলেও জানান তিনি।