ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় জামায়াত নেতার বাড়িতে পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যতিক পাম্পের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম সবুজ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকমাটি হুজুরপাড়া গ্রামে ঘটে। নিহত সবুজ উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি মাদ্রাসার ছাত্র এবং পূর্ব চিকনমাটি গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে বলে জানায় ডোমার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম ।
এলাকাবাসীর বরাত দিয়ে ডোমার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ডোমার উপজেলা জামায়াতের সাবেক আমীর কফিল উদ্দিনের বাড়ীতে পানি তোলার কাজে ব্যবহিত বৈদ্যুতিক পাম্পের মোটর চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় মাদ্রাসা ছাত্র শরিফুল ইসলাম সবুজ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি মালিক ও প্রতিবেশীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।