ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার বিকালে মোহাম্মদ সিরু (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিরুর বন্ধু মোহাম্মদ আরজু মিয়া বলেন, ‘সিরু মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ইট বালুর ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকালে ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা নিয়ে শেখেরটেক বালুর মাঠের সামনে পৌঁছামাত্র সেলিম, সোহেলসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা সিরুর মাথায়, ঘাড়ে ও বাম হাতে চাপাতি দিয়ে কুপিয়ে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় সিরুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’
আহত সিরু মোহাম্মদপুরের আদাবর এলাকায় বসবাস করেন। বাবার নাম আবু হানিফ।