ঠাকুরগাঁও : পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও নামক স্থানে যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে পথচারী দুই বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গ্রামডাঙ্গী সরদার পাড়ার আব্দুল গফুরের স্ত্রী সাহারা খাতুন (৫৪) ও আব্দুল লতিফের স্ত্রী জোহরা খাতুন (৫৫)। আহতরা হলেন, বকুল রায়, ধীরেন রায়, বাংরু চন্দ্র, শর্মিলা রানী ও গিয়াস উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার হরিপুর থেকে যাত্রীবাহী সাজু এন্টারপ্রাইজ এর মিনিবাসটি ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলো। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুয়াগাঁও নামক স্থানে উল্টে যায়। এতে পথচারী ওই দুই বৃদ্ধা মিনিবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মিনিবাসে থাকা ৫ যাত্রী আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
আহতদের মধ্যে বকুল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।