ঢাকা: চুলকে ছেলেদের সৌন্দর্যের যাদু বলা হয়। চুলের ভিন্ন স্টাইল ছেলেদের রুচির পরিচায়ক। এমনকি ছেলেদের সৌন্দর্যের সব আকর্ষণ এই চুলের মধ্যেই লুকিয়ে। তাই আসছে ঈদে কেমন হবে আপনার চুলের কাট? যদি ঠিক না করা থাকে তবে সময় এখনো ফুরিয়ে যায়নি। বরং সময় করে আপনার চুল এখনই কাটিয়ে নিন। আর ঠিক করে নিন ঈদে আপনার চুলের নতুন আকর্ষণ।
ক্রু কাট:
এই হেয়ার কাটে ছেলেদের বেশ স্টাইলিশ দেখায়। এই স্টাইলটি গত কয়েক বছর ধরে জনপ্রিয়তা পাচ্ছে। এই হেয়ার কাটে মাথার পেছনের দিকে ও পাশের চুলগুলো ছোট ছোট করে কাটা হয়। এবং সেখান থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে চুল বড় ও কিছুটা খাড়া হয়ে থাকে। স্টাইলিশ লুকের জন্য এবারের ঈদে দিতে পারেন এই হেয়ার কাটটি।
বাজ কাট:
যে ছেলেরা খুব বেশি খেলাপ্রিয় তাদের কাছে এই স্টাইলটি বেশ পরিচিত। তবে খেলোয়াড় ছাড়াও সৈনিকদের মধ্যেও এই স্টাইলটি বেশি জনপ্রিয়। এই কাটে চুল ট্রিমার মেশিনে কাটাতে হয়। এই কাটে চুলের দৈর্ঘ্য খুব ছোট থাকে। মাত্র এক ইঞ্চির চার ভাগের এক ভাগ দৈর্ঘ্য হয় চুলের।
ফেড কাট:
ইদানিং এই কাটটি বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। এই স্টাইলে পেছনে ও কানের ওপরে চুল একদমই থাকে না। এবং কানের এক ইঞ্চি ওপর থেকে চুল কাটা শুরু হয় এবং পেছনে মাথার অর্ধেক ওপর থেকে চুল কাটা হয়।
ক্ল্যাসিক কাট:
ক্ল্যাসিক কাট চুলের কাটের বেশ পুরোনো একটি স্টাইল। ফর্মাল পোশাকের সঙ্গে এই স্টাইলটি সব চাইতে ভালো মানায়। এই স্টাইলে চুল একদিকে সিঁথি করে আঁচড়াতে হয়। চেহারায় মার্জিত একটা লুক এনে দেয়ার জন্য এই স্টাইলটি সব চাইতে ভালো।
স্পাইক কাট:
সব চাইতে বেশি জনপ্রিয় কাটের মধ্যে স্পাইক কাটটি বেশ কিছুদিন যাবত চলে আসছে। এই স্টাইলটি সবচেয়ে বেশি জনপ্রিয় কিশোর ও তরুণ বয়সী ছেলদের মধ্যে। চুল ছোট ছোট করে কেটেও বেশ ভালো স্টাইল করা যায় বলে বর্তমানে এই স্টাইলটি বেশ চলছে।
ঈদে উপলক্ষে চুলের কাট যেমনই হোক না কেন, চুল কাটার পর ঈদের আগ পর্যন্ত অবশ্যই চুলের যত্ন নিতে হবে। তাই, সপ্তাহে অন্তত দু’দিন চুলে শ্যাম্পু ও কন্ডিশনার অথবা হেয়ার প্রোটিন ব্যবহার অব্যাহত রাখতে চেষ্টা করুণ।