• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

রেলে শিগগিরই যোগ হচ্ছে ১২০টি বগি

Minister Mojibulরাজশাহী: রেলে শিগগিরই ১২০টি বগি যোগ হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, এগুলোর আমদানিপ্রক্রিয়া শেষ পর্যায়ে এবং আরও ১৫০টি বগির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। শনিবার রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়ম সভায় মন্ত্রী এ কথা জানান।

বিএনপি আমলের রেলের অবস্থা তুলে ধরে তিনি জানান, সে সময়ে রেলে একটি নতুন ইঞ্জিন বা বগিও সংযুক্ত হয় নি। তাদের আমলে জাতীয় এ সম্পদটি ধংসের দাঁড়প্রান্তে পৌঁছে গিয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ সে অবস্থা থেকে রেলকে ফিরিয়ে এনেছে। আরও ৭০টি রেলের ইঞ্জিন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী থেকে ননস্টপ ঢাকাগামী এসি ট্রেন, আব্দুল্লাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার রেলের সব ধরণের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে। এ বিষয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে মন দিয়ে কাজ করতে হবে।’

রাজশাহীবাসীর পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দাবিগুলো শুনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, ‘দেশে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যেসব দাবি তুলে ধরছেন তা অত্যন্ত ন্যায্য। পর্যায়ক্রমে এসব দাবি পূরণ করা হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েনউদ্দিন আয়েন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহউদ্দিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ