বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয়দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকছে বাংলা চলচ্চিত্র। বিশেষ করে ঈদের দিন প্রচার হবে জাকির হোসেন রাজুর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা এবং শাকিব খান, পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ’। ঈদের দ্বিতীয় দিন শাহিন সুমনের পরিচালনায় প্রচার হবে চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নীরবসহ আরও অনেকে।
ঈদের তৃতীয়দিন রিয়াজ, ফেরদৌস, শাবনূর অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত চলচ্চিত্র ‘দুই নয়নের আলো’। ঈদের চতুর্থদিন প্রচার হবে এফ আই মানিক পরিচালিত এবং শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। সোহানুর রহমান সোহানের পরিচালিত ‘বলনা ভালবাসি’ প্রচার হবে ঈদের পঞ্চমদিন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, ফেরদৌস, শাবনূর। ঈদের ষষ্ঠদিন প্রচার হবে চলচ্চিত্র ‘স্বামীর সংসার’। জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, রিয়াজসহ আরও অনেকে।
দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজস্ব অনুষ্ঠানেও রয়েছে বরাবরের মতই বিভিন্ন চমক। এবারের ঈদে একুশে টেলিভিশনে ১৮টি নাটক, ৬টি টেলিফিল্ম, ৬ টি চলচ্চিত্রের পাশাপাশি ঈদের দিন থেকে ছয়দিন পর্যন্ত রয়েছে ১টি ধারাবাহিক নাটক। এছাড়া ঈদ আয়োজনের ছয়দিনই থাকছে একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, টক-শো, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সবকিছু নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ-উল-ফিতরের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।