সিসিনিউজ: ভোলার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ছয়টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ছয়টি ট্রলারের ৮৭জন জেলে। রোববার রাত সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢালচরের আব্দুল কাদের মাঝি জানায়, ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরে তার একটি ট্রলারসহ আরো কয়েকটি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। কিছুক্ষণপর তা ঘূর্ণিঝড়ে রুপ নিলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ছয়টি ট্রলার ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে কাদের মাঝির ট্রলারে ১৬ জেলে, আব্দুস ছালাম মাঝির ট্রলারে ১৬ জেলে, বাশার মাঝির ট্রলারে ১৬ জেলে, জাহের মাঝির ট্রলারে ১৩ জেলে, কুট্রি মাঝির ট্রলারে ১৩ জেলে ও জনু মাঝির ট্রলারে ১৩ জন জেলে ছিলেন।