• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

উত্তরবঙ্গে ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ

Untitled-2সিসিনিউজ: পবিত্র ঈদ-উল-ফিতরে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষ মানুষিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। কর্মস্থলে ছুটি ঘোষণা হলেই স্রোতের মত বাড়িমুখি হবেন তারা। আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে বাড়ি ফেরা তোড়জোড়। এজন্য ২০ জুলাই থেকে ট্রেন ও বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে দেশের উত্তরবঙ্গের প্রায় ১০ লাখ নারী, পুরুষ, শিশু স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরবেন। এসব যাত্রী পরিবহনে রেলওয়ে কর্তৃপক্ষ চলাচলরত ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোগ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এজন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বগি মেরামতের কাজ। দৈনিক কর্মঘন্টার বাইরেও শ্রমিক কর্মচারীরা অধিক সময় কাজ করছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও কাজ হয়েছে। নিয়মিত রুটিন মেরামতের কাজের সঙ্গে ঈদের বাড়তি বগি মেরামতের কাজও করা হচ্ছে। গড়ে প্রতিমাসে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২২ থেকে ২৫টি বগি মেরামত করা হয়। চলতি জুলাই মাসে ২৫টি রুটিন বগি মেরামত কাজের সঙ্গে অতিরিক্ত ৫৮টি বগি মেরামত করা হচ্ছে। অথচ বছরের অন্য সময়ে মাসে গড়ে ২২ থেকে ২৫টির বেশি বগি মেরামত করা সম্ভব হয়ে উঠে না।
রেলওয়ে কারখানার একটি নির্ভরযোগ্য সূত্র মতে, ঈদের সময় বাড়তি যাত্রী পরিবহনে চলাচলরত ট্রেনগুলোতে অতিরিক্ত বগির সংযোগ করতে হয়। এজন্য বগি সরবরাহ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকে। এজন্য কারখানা কর্তৃপক্ষ বছরের অন্য সময়ে রুটিন মোতাবেক বগি মেরামত করলেও ঈদকে সামনে রেখে ৩/৪ মাস আগ থেকে অতিরিক্ত বগি মেরামতের কাজ শুরু হয়। ফলে রমজান মাসে শ্রমিক কর্মচারীরা অতিরিক্ত সময় কাজ করে ঈদ উপলক্ষে তিন গুণ বেশি বগি মেরামত সম্পন্ন করে। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। চলতি জুলাই মাসে মোট ৮১টি বগি সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে। এর মধ্যে মাসিক রুটিন মেরামত করা হয়েছে ২৩টি বগির। এসব বগি বিভিন্ন রুটে নিয়মিত চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনের সঙ্গে সংযোজন করা হয়। আর অতিরিক্ত ৫৮টি পুরাতন বগি মেরামত করা হয়েছে ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য। এতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি বগিতে বাড়তি মেরামত ব্যয় হয়েছে ৪২ হাজার টাকা। সেই হিসাবে অতিরিক্ত ৫৮টি বগি মেরামতে ব্যয় হয় ২৪ লাখ ৩৬ হাজার টাকা। মেরামতকৃত এসব বগি বিশেষ ট্রেন ও মেইল ট্রেনের বগির সঙ্গে যাত্রী পরিবহনে জুড়ে দেয়া হবে বলে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসাইন জানান।
এই কর্মকর্তার মতে, চলতি মাসে রেলওয়ে কারখানায় রুটিন মেরামত ২৩ ও অতিরিক্ত মেরামত ৫৮ এবং প্রকল্পনাধীন ২টি বগি মেরামত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮৩টি বগির মাধ্যমে ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হবে। সোমবার পর্যন্ত অতিরিক্ত ৫৮টি বগির মধ্যে রেলওয়ে ট্রাফিক বিভাগে ৫২টি বগি হন্তান্তর করা হয়েছে। কিন্তু রেলওয়ে কারখানার একটি নির্ভরযোগ্য সূত্র জানান, রুটিন মেরামতের ২৩টি ও প্রকল্পের অধীনে মেরামতের ২টি মিলে ২৫টি বগি বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনের জন্য নির্ধারিত। এসব বগি ইতোমধ্যেই রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত মেরামত করা বগির সংখ্যা মাত্র ৫৮টি। এই বগিগুলোই স্পেশাল ও মেইল ট্রেনে অতিরিক্ত বগি হিসাবে থাকবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, রেলওয়ে কারখানায় ৫৮টি বগির মাধ্যমে সর্বোচ্চ প্রতিদিন ১২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব। সেই হিসাবে ঈদের আগদিন পর্যন্ত ৬০ থেকে ৭০ হাজারের যাত্রী পরিবহন করা যেতে পারে ওইসব বগি দিয়ে। কিন্তু উত্তরবঙ্গে ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। সেই হিসাবে ৯ লাখ ৩০ হাজার মানুষকে ঘরে ফিরতে হবে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পরিবহনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ